
ষ্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ নভেম্বর) গভীর রাতে লৌহজং ভূমি অফিস কার্যালয় সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে ধাওয়া করে বেজগাঁও চর এলাকা থেকে ট্রলারসহ দুজনকে আটক করে কোস্টগার্ড।
চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা হলেন, লৌহজং উপজেলার সিংহেরহাটি গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে সোহেল বেপারী (২৪) ও কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাননগর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আবদুর রহমান (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বুলবুল আহমেদ জানান, বুধবার গভীর রাতে পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় একটি ট্রলার ও স্পিডবোটকে ধাওয়া করা হয়। স্পিডবোট নিয়ে কয়েকজন চাঁদাবাজ পালাতে সক্ষম হলেও ট্রলার নিয়ে দুজন চরে আটকে গেলে তাঁদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ট্রলার, দা, লাঠিসহ নগদ ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.