
জেলা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দশম ব্যাচের সাবেক শিক্ষার্থী তরুণ সাংবাদিক নাজমুল সবুজ মারা গেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক আত্মীয়ের বাসায় মারা যান তিনি।
সবুজ ছাত্রজীবনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন। ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। সর্বশেষ দৈনিক খোলাকাগজের কুমিল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নাজমুল সপরিবারে কুমিল্লার সেনানিবাসের পাশে ফরিজপুরে বসবাস করতেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে নাজমুল ছোট।
নাজমুলের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘২০২০ সালে করোনায় আক্রান্ত হয় নাজমুল। এরপর তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। এদেশে অনেক চিকিৎসা করিয়েছি। পরে উন্নত চিকিৎসার জন্য দুই সপ্তাহ আগে তাকে ভারতে পাঠাই। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আসে সবুজ। ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় ওঠে। ভাত খেয়ে ঘুমাতে গেলে রাত সাড়ে ১১টায় বমি শুরু করে। তার কিছুক্ষণ পরেই সে মারা যায়।’
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বুড়িচংয়ের ময়নামতির ফরিজপুরে নাজমুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার। সেখানে কর্মরত সাংবাদিকরা নাজমুলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। চোখের জলে সহকর্মীরা বিদায় জানান তাকে।
পরে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে দুপুর দেড়টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাজমুল সবুজকে দাফন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.