ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দিয়েছেন ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকির পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার জানান, ঠাকুরগাঁও-৩ আসন থেকে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ১৪ দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে নৌকা প্রতীক নিয়ে আমি প্রার্থী হই। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অসন্তোষের কারণে বিএনপি প্রার্থী জাহিদুর রহমানের কাছে আমি পরাজিত হই। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ওয়ার্কার্স পার্টিকে উপনির্বাচনে আসনটি আবারও বরাদ্দ দিয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কাজ করছি।’ ওই আসনে ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোটগ্রহণ করা হবে আগামী ১ ফেব্রুয়ারি। ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। আসনে ভোটকেন্দ্র ১২৮টি এবং বুথ ৮০৮টি।

