সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজ্জাম্মেল হক খান বলেছেন, স্কাউট একজন শিক্ষার্থীকে স্মার্ট ও সাহসী ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে সহায়তা করে। স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক আন্দোলন। এই আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। স্কাউটিং শিক্ষা কার্যক্রমেরই অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেছেন, তরুণদের স্কাউটে সম্পৃক্ত করতে পারলে তারা অন্যায়, মাদক, সন্ত্রাসসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং আত্মপ্রত্যয়ী ও বিনয়ী হবে। দুর্যোগের সময়ে স্কাউট ফাউন্ডেশন এগিয়ে আসে। স্কাউটিং একজন তরুণকে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানব-দরদী হতে শেখায়। বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য রয়েছে। সরকার এই ফাউন্ডেশনকে সাহায্য সহযোগিতা করে আসছে।
শনিবার (৪ জানুয়ারী) সকালে উপজেলা হলরুমে মনোহরদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট মনোহরদী উপজেলা শাখা আয়োজিত উপজেলার স্কাউট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার সভাপতি নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের উপ-কমিশনার (মিডিয়া ও পাবলিকেশন) মঈনুদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী , অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, নরসিংদী জেলার স্কাউট সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, মনোহরদী উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মুজতবা জুয়েল, উপজেলার শিক্ষক, স্কাউট ও স্কাউট কর্মকর্তাগণ।

