
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের ইয়াকুব আলি দফাদারের বাড়িতে বুধবার (২৯ মার্চ) রাতে চুরির ঘটনা ঘটেছে। ওই দিন তারাবি নামায পড়ার পরে ঘুমিয়ে পড়েন সবাই। সেহরির সময় প্রতিবেশিরা ডাকাডাকি করলে কারোর কোন সাড়া পাওয়া যায়নি। পরদিন (৩০ মার্চ) ভোর সকালে ছোট ছেলে আলাউদ্দিনের জ্ঞান ফিরলে প্রবাসে থাকা বড় ভাইকে মোবাইল ফোনে সাহায্যের জন্য জানায়। এক পর্যায়ে স্থানীয়রা পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে সবাই বাড়িতে চিকিৎসাধীন আছে।
চুরির বিষয়ে ইয়াকুব আলি দফাদার জানান, তারাবি নামাযের আগে আমরা সবাই ভাত খেয়েছি। এসময় টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনা হয়। চোরেরা আমাদের টিউবওয়েলে পর্যাপ্ত পরিমানে ঘুমের ঔষধ দিয়েছিল বলে ধারণা করছি। এঘটনায় আমার বাড়িতে থাকা ৯ বছর বয়সি নাতি ছেলে আবির হোসেন খুবই অসুস্থ হয়ে পড়েছে।
ছোট ছেলে আলাউদ্দিন জানান, চোরেরা তেমন কিছু নিতে পারেনি। আব্বার পকেটে কয়েক হাজার টাকা নিয়ে গেছে। সাথে ২টি মোবাইল ফোন নিয়ে গেছে। ঘরে অন্য গুরুত্বপূর্ণ কোন কিছু ছিলনা।
প্রবাসী নূরুল ইসলাম জানান, আমি দেশের বাইরে থাকি, আমার বাড়িতে অনেক টাকা, স্বর্নালংকার থাকতে পারে এমন ধারণা থেকেই হয় তো বা অজ্ঞান পার্টির কবলে পড়েছে আমার পরিবার। পরিবারের সবাই সুস্থ হওয়ার পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, ইয়াকুব আলি দফাদারের বড় ছেলে নূরুল ইসলাম ওরফে আলামিন মালয়েশিয়া প্রবাসী। এ কারণে চোর বা এই অজ্ঞান পার্টি প্রবাসীর বাড়িতে চুরি করেছে। তবে তেমন কিছু চুরি করতে পারেনি। রমযান মাস এলেই গ্রাম-অঞ্চলে চুরির ঘটনা বেড়ে যায়। এর থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.