
নিউজ ডেস্কঃ
গুলিস্তানের বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ছাড়াও আরও দুজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, এখন পর্যন্ত আমাদের একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আগুন নেভাতে গিয়ে সঞ্জয় ছাড়াও ফায়ার সার্ভিসের আরও দুইজন কর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ঢাকার সব ইউনিটকে ডাকা হয়েছে।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.