
নিউজ ডেস্কঃ
২০১৯-২০ অর্থবছরে রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণপদক পেল বেঙ্গল প্লাস্টিক লিমিটেড। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির হাত থেকে ট্রফি গ্রহণ করেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু। চলতি বছর বেঙ্গল প্লাস্টিকের পাশাপাশি ২৮টি ক্যাটাগরিতে রপ্তানি ট্রফি অর্জন করেছে ৭১টি প্রতিষ্ঠান।
বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও রপ্তানি বাণিজ্যের ওপর ভর করে এগোচ্ছে দেশের উন্নয়নের চাকা। আর এ খাতে ২০১৯-২০ অর্থবছরে যারা বিশেষ অবদান রেখেছেন; তাদের জাতীয় রপ্তানি ট্রফি দিয়ে সম্মাননা জানালো সরকার। ট্রফি অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
প্লাস্টিক সামগ্রী রপ্তানিতে বড় অবদানের জন্য ১১ বারের মতো স্বর্ণপদক পেলো এ খাতে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিক। ২০১৯-২০ অর্থবছরে ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। বেঙ্গল গ্রুপের পক্ষে ট্রফি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক হুমায়ূন কবির বাবলু।
বেঙ্গল প্লাস্টিকের পরিচালক হুমায়ূন কবির বাবলু বলেন, ১১ বারের মতো স্বর্ণ ট্রপি পেয়ে আসছি। এতে করে আমরা আরও বেশি উৎসাহিত, অনুপ্রাণিত। আমরা চেষ্টা করব কিভাবে রপ্তানি আরও বেশি তরান্বিত করা যায়। বৈদেশিক মুদ্রা কিভাবে বাড়ানো যায়। এমনকি পণ্যের বৈচিত্র্যকরণে আমরা কাজ করে যাবো।
এবছর ২৮টি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি অর্জন করেছে মোট ৭১টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ অচিরেই এশিয়ার শীর্ষ রপ্তানিকারক দেশ হবে এমন প্রত্যাশা বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির। তিনি বলেন, শূন্য থেকে শুরু করা মানুষগুলো আজ অনেক অনেক বড় অবস্থায় চলে আসছে। অনেকের বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আমার ধারণা এ পথে আমরা অনেক দূর এগিয়ে যাবো।
আর এ সাফল্য আনতে রপ্তানির পথে সব ধরনের বাধা দূর করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, পণ্যে বৈচিত্র্যকরণ আনতে হবে। নতুন নতুন জায়গাগুলোতে সুযোগ সুবিধা দিয়ে রপ্তানি বাড়াতে হবে।
২০১৯-২০ অর্থবছরে করোনা অতিমারির মধ্যেও দেশে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.