
স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান পুলককে ধরে নিয়ে থানায় নির্যাতন করার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশ সুপার বলছেন, প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
এসপি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রত্যাহারের আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এছাড়া অভিযুক্ত অপর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।
গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে সদর থানার ওসি কামাল হোসেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে যান। সেখানে তার চোখে কাপড় বেঁধে নির্যাতন করে হাত ভেঙে ফেলার অভিযোগ এনে বুধবার (১০ মে) দুপুরে জেলা দায়রা আদালতে ওসি কামলাসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন পুলক।
মামলায় সদর থানার ওসি মো. কামাল হোসেন ছাড়াও পরিদর্শক (অপারেশন্স) মো: লতিফ, এসআই খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং এএসআই মো. মোতালেবকে আসামি করা হয়। মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা দায়রা জজ মামুনুর রশীদ শুনানি শেষে বিষয়টি আমলে নিয়ে একজন নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।
এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল এবং পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.