সম্পাদক
নিউজ ডেস্কঃ
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।
বৃহস্পতিবার (১১ মে) নির্বাচনের তফসিল এফবিসিসিআইয়ের সদস্য সংস্থাগুলোর কাছে পাঠানো হয়।
তফসিল অনুযায়ী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই (সোমবার)। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগস্ট মাসের ২ তারিখে।
সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৩ জুন। ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।
পরিচালক পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ জুলাই।
১৫ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই। একইদিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

