সম্পাদক

নিউজ ডেস্কঃ

এশিয়া কাপের ভেন্যু নিয়ে থামছেই না নাটকীয়তা। কাগজে-কলমে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান; তবে সেখানে খেলা হবে কি না, তা নিয়েই শঙ্কা রয়েছে। আর নতুন ভেন্যু কোথায় হচ্ছে, তা-ও এখনও নিশ্চিত না।

ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ আছে। যে কারণে দেশটিতে খেলতে যেতে রাজি না রোহিতরা। এমনকি হাইব্রিড পদ্ধতিতেও হচ্ছে না ছয় জাতির এই টুর্নামেন্ট। আর এশিয়া কাপ নিয়ে এমন অনিশ্চয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার জুনায়েদ খান।

তার (জুনায়েদ) দাবি, বিশ্বের অন্য দলগুলোর পাকিস্তান সফরে আসতে সমস্যা না হলে, ভারতের এতো সমস্যা কেন।

জুনায়েদের ভাষ্য, পাকিস্তানের পরিস্থিতি খুব ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল আসা মানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই।

তিনি এও প্রশ্ন রেখেছেন, তাহলে ভারত কেন পাকিস্তান সফরে আসছে না? এর পেছনে কারণ কী? তারা কি অন্য গ্রহ থেকে আসায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল?

এদিকে অনেক বছর ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ছাড়া এই দুই মধ্যে কোনো ম্যাচের দেখা মিলে না। এখন এসিসির টুর্নামেন্টেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই প্রায় অনিশ্চিত। এমনকি পাকিস্তান হুমকি দিয়ে রেখেছে, ভারত এশিয়া কাপে পাকিস্তানে না এলে, পাকিস্তানও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না।

তাই দ্য গ্রিন ম্যানদের সাবেক এই পেসারের মন্তব্য, আইসিসির উচিত এই সমস্যার সমাধান বের করা।

জুনায়েদের ভাষ্য, পাকিস্তান ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট অসম্ভব। আইসিসি এই সমস্যার মধ্যস্থতা করা উচিত। কারণ, পাকিস্তান ছাড়া ক্রিকেট অসম্ভব। পাকিস্তান কোনো ছোট দল নয়। কয়েকদিন আগের আইসিসির সেরা (ওয়ানডে) দল ছিল।