সম্পাদক
নিউজ ডেস্ক:
গত ২৭ জুন থেকে শুরু হওয়া সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। ঈদুল আজহার এ ছুটি শেষে আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে সরকারি অফিস।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুনও (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে আজ শেষ হয়েছে ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকালের দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল কম। তবে দুপুরের পর থেকে সেই চিত্র পাল্টে যায়। দুপুরের পর স্টেশনে প্রবেশ করা প্রত্যেকটি ট্রেনেই যাত্রী ছিল অনেক বেশি।
রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আবারও জীবীকার তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে। রোববার (২ জুলাই) সরকারি অফিস আদালত খুলবে। তাই যাত্রা পথের ভোগান্তি এড়াতে শনিবার রাজধানীতে ফিরে আসতে হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, যাত্রীদের মূল স্রোত আসবে আগামীকাল।

