ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:
মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার ভোলা এর দিকনির্দেশনায় এবং সাঈদ আহমেদ পিপিএম, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড হতে ১০,০১,৪০০ টাকা উদ্ধার পূর্বক প্রতারক চক্রের ০৬ সদস্য গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা এর একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভোলা জেলার লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন ও ভোলা সদর থানা এলাকার বিভিন্ন বাজারের দোকানে সু-কৌশলে দোকানদারদের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ।
প্রতারক চক্রের সদস্যরা প্রাথমিক পর্যায়ে কিছু পরিমাণ ভুয়া পণ্য খুচরা বিক্রেতাদের দোকানে রেখে তাদের লোক দিয়ে সেই পণ্য পূণরায় ক্রয় করে ব্যবসায়ীদের তাদের ভুয়া পণ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে প্রলুব্ধ করে।
পরবর্তীতে বিপুল অর্থের পণ্য বাজারজাত করে তারা পালিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। সরবরাহকৃত পণ্যের মোড়ক তারা নিজেরাই তৈরি করে এবং পণ্যের বোতলে রং মেশানো পানি ছাড়া সংশ্লিষ্ট কোনো দ্রব্য পাওয়া যায় না।
অভিযান পরিচালনাকালে সংঘবদ্ধ প্রতারকদের নিকট হতে নগদ ১০,০১,৪০০/- (দশ লক্ষ এক হাজার চারশত) টাকা ছাড়াও ০৬ টি মোবাইল সেট, ১৪ সিম কার্ড, চায়না চক, শ্রীপুর ট্যাবলেট (বক্স), ভিআইপি উকুন নাশক ঔষধ, সেফা কিং গোল্ড ও গুড নাইট লেখা ০৫ টি সাদা প্লাস্টিকের ৫০ কেজির ০৫ বস্তা মালামাল পাওয়া যায়।
যার আনুমানিক মূল্য ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। সুমন ক্যামিকেল কোম্পানী নামের ০৩ টি ক্যাশ মেমো বই যার ০২ টি ব্যবহৃত ও ০১টি অব্যবহৃত।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১।মোঃ জাকির হোসেন (৫১), ২।মোঃ মেহেদী হাসান(২৬), ৩।মোঃ শাহাদাত মোল্লা (৫০), ৪।মোঃ পারভেজ (২৪), ৫।ইউনুস শেখ (৬৮), ৬।মোঃ ওবাইদুর রহমান (৫২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমোহন থানা, ভোলায় ২৮ জুলাই ২০২৩খ্রিঃ এ, ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়। এছাড়াও ইতিপূর্বে যশোর বেনাপোল থানার মামলা নং-৩১, যশোর কতোয়ালী থানার মামলা নং-৯০, পিটিশন মামলা নং-৮৭/২৩, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড মামলা বিচারাধীন রয়েছে।
এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভোলা জেলার পুলিশ সুপার।
গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য যাচাইপূর্বক ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

