
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে নিলা ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় নেজামূল ইসলাম ওরফে নাজমুল (৪০) নামে এক শ্রমিককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ জুলাই) দুপুরে মাধবদীর ভগিরথপুর হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলের তিনতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্রমিক সহ নয়জনকে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত নেজামূল ইসলাম ওরফে নাজমুল নিলা ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলের রং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভগিরথপুরের হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় মিলের কর্মচারী ও স্থানীয়রা, পরে পুলিশ এসে কারখানার ভেতর থেকে একটি জানালার গ্রিলে বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই সময় কক্ষটির বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়।
নিহত নাজমুলের স্বজনদের অভিযোগ নাজমুলকে পিটিয়ে ও ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এবিষয়ে একই মিলের শ্রমিক ও নিহতের শ্যালক কিরণ মিয়া অভিযোগ করে জানান, আমরা একইসঙ্গে দীর্ঘদিন ধরে এ মিলে কাজ করে আসছি। আমার দুলাভাইকে মিল কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
এদিকে শ্রমিক নিহতের খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল ও নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, কারখানার ভেতরে মাথা নিচের দিকে ও পা উপরের দিকে একটি জানালার গ্রিলে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নাজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা মিলের ৯ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.