
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:
অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় আবারও নিখোঁজ হয়েছেন নরসিংদীর ৯জন যুবক। নিঁখুজ হওয়া প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।
গতকাল শুক্রবার রাতে দালাল ও বেচে ফেরা কয়েকজনের সূত্রে ৯ তরুণ-যুবক নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছেন তাঁদের পরিবারের সদস্যরা।
নিখুজরা হলেন, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে কামাল (৩৪), ভাটের গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুনুর রশিদের ছেলে মনির হোসেন (২২), আবদুল মোতালিব মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৩) ও রায়হান মিয়া (২২), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০), দেওয়ানের চর গ্রামের আলমাছ আলীর ছেলে মো: ইমন (২০) ও নিলক্ষীয়া গ্রামের আমান মিয়া (২১)।
জানা গেছে, এরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন ও তার ফুফু শাহিনুর (দালাল চক্রের) মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে।
নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, ৫-৬ মাস আগে আমার ভাইকে ১২ লক্ষ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যায় দালাল চক্র, বেশ কিছুদিন গেমঘরে (যাত্রার আগে যেখানে তাঁদের রাখা হয়) রেখে গত বুধবার রাত ৮ টার দিকে নৌকায় তুলে ইতালির পথে যাত্রা শুরু করার ৪০ মিনিট পর তাদের বহন করা নৌকা ডুবে যায়। এসময় দালাল জাকিরের তত্ত্বাবধানে কয়েকজন ফিরে আসলেও বাকি ৯ জন এখনো নিখোঁজ। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানান। এর মধ্যে আমার ভাইও নিখোঁজ।
নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম বলেন, আমার ভাই আট মাস আগে লিবিয়া গিয়েছিল ভৈরবের দালাল রবিউল্লার মাধ্যমে। কিন্তু সেখানে ভাইকে বৈধ কোনো কাগজ করে দেয়নি। দুলালকান্দির দালাল জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখন আমার ভাই নিখোঁজ।
আমরা আমার ভাইয়ের সন্ধান চাই।
রবিউলের স্ত্রী সাথী আক্তার জানান,আজ থেকে ১৭ দিন আগে আমার স্বামীর সাথে কথা হয়েছিল, তিনি তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন আমরা এখন গেমঘরে আছি, আগামী বুধবারে ডেঙ্গিতে তুলবে (বহনকারী নৌকা), এ কথা বলে মোবাইল বন্ধ করে দেয়। তারপর থেকে আর কোন যোগাযোগ করতে পারেনি।
এ বিষয়ে দুলালকান্দি গ্রামের বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য মিলন মেম্বার জানান,আমি খবর পেয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করি। ফোন দিলে মোবাইল অন্য একজন রিসিভ করে। সে জানায়, জাকির হোসেনের আন্ডারে নিখোঁজ হওয়া কয়েকজন উদ্ধার হলেও ৯জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে। পরিবার দুটির সদস্যরা এখন কোথায় আছেন, তাঁদের স্বজনেরাও বলতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো: তানভীর আহমেদ বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি, এখনো কোন অভিযোগ আসেনি এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন, অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জানতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।
এর আগে চলতি বছরের গত ২৪ জুন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে মো: আবদুল নবী (৩০) নামের রায়পুরার এক যুবকের মৃত্যু হয়। ঐ ঘটনায় তাঁর সঙ্গে থাকা নরসিংদীর আরও ১৩ যুবক নিখোঁজ হন। যার মধ্যে বেলাব উপজেলারই ছিলো ৭ জন।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.