সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নরসিংদীতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- মধাবদী থানা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাদিম মিয়া, মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জে এস জুনায়েদ, বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ, সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও জিনারদী ইউনিয়ন ছাত্রলীড়ের সহ-সভাপতি হাফিজুর রহমান অপু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

