ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় গুপ্তপারা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত দ্বীন ইসলাম ওই এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। এঘটনায় একই এলাকার মৃত ফালু মিয়া ছেলে আনোয়ার হোসেন (৬৫) নামে একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে আজ সোমবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দ্বীন ইসলাম নিহত হয়। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার জানান, পূর্ব বিরোধের জেরে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।