ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দিয়েছে পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পারুলিয়া মোড়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাবের সভাপতি ও বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফ ইকবাল রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলার জিনারদী, গজারিয়া ও চরসিন্দুর ইউনিয়ন থেকে ৫৫জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার তুলে দেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খাল দিলিপ।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, নরসিংদী জেলা কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের আহবায়ক ও নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবর রহমান মনির, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে এখানে উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, যখন থেকে জিপিএ গ্রেটের মানে পরিক্ষার ফলাফল ঘোষনা করা শুরু হয় ঠিক সেই বছর পুরো পলাশ উপজেলা থেকে ৩জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছিলো যা এখন এসে দাঁড়িয়েছে কয়েক-শতাধিকে।

এবছর জিনারদী, গজারিয়া ও চরসিন্দুর এই ৩টি ইউনিয়ন থেকেই ৫৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যা আমাদের গর্বের বিষয়। আমরা আশাবাদী আগামীতে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, প্রতিটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সরকারের উদ্যোগ ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে তোমাদের এগিয়ে আসতে হবে, তোমরাই আমাদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ।

পরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে একটি ক্রেষ্ট, সার্টিফিকেট ও ফুল তুলে দেন অতিথিরা।