ওমর ফারুক
নূর ইসলাম,শেরপুর সদর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত-সীমান্তবর্তী এলাকা থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।
২৫ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি আমিনুল ইসলাম শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া ভাটিয়াপাড়া গ্রামের আশা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় নালিতাবাড়ী থানার পুলিশ। এসময় কালাপানি বেকারী এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে মদসহ আমিনুল ইসলাম আটক হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশী করে ৫২ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদ উদ্ধার করে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তাভর্তি মদের বোতল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিল মাদক কারবারিরা। এমন এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মাদক কারবারিকে ভারতীয় মদসহ আটক করে।
মাদক কারবারি আমিনুল ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

