ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় এ টিকাদান কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার চালাকচর ইউনিয়নের উত্তর চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ক্যাম্প থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া এর সভাপতিত্বে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর।

এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া জানান,ভাইরাস জনিত সংক্রামক রোগ নির্মূলে আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৫ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে।

টিকাদান কর্মসূচি সফল করার জন্য উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এআই টেকনিশিয়ান, স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন।

এ কর্মসূচি শুরু হওয়ার পূর্বে টিকাদান কর্মসূচি ক্যাম্প,সময় ও টিকাদানের তারিখ নির্ধারণ করে মাইকিং করা হয়েছে যাতে ছাগল ও ভেড়ার মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনেশন ক্যাম্পে ছাগল ভেড়াকে টিকা দিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফকরুল মান্নান মুক্ত, চালাকচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিখিল বাবু প্রমূখ।


এছাড়াও ইউনিয়ন এ আই,ইউনিয়ন ভ্যাকসিনেটর,প্রাণী সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা,ছাগল ও ভেড়ার মালিকগণ,জনপ্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।