ওমর ফারুক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরার নৌকার সাথে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কায় চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নবনির্মিত বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু হুসরাতুল জান্নাত বুশরা (৪) জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে ১৪ জন পর্যটক নিয়ে একটি স্পিডবোর্ড করিমগঞ্জ উপজেলার বালিখলার দিকে যাত্রা করে।

পথে রাত সাড়ে ৮টার দিকে বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস এলাকার পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোডটি ডুবে যায়। স্পিডবোডে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জন সাঁতরিয়ে সেনানিবাসের ঘাটে উঠলেও চার বছর বয়সী শিশু হুসরাতুল জান্নাত বুশরা ডুবে নিখোঁজ হয়।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারের মিঠামইন ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। মিঠামইন থানার ওসি আহসান হাবীব জানান, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।