
নিউজ ডেস্ক:
শুক্রবার কিরগিজস্থানে এক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরাইলি স্থল অভিযানের ফলে বেসামরিকদের মৃত্যু হলে তা হবে একেবারে অগ্রহণযোগ্য।
রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের আগে গাজা শহরের উত্তরাঞ্চল থেকে দশ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে ইসরাইল। একই সঙ্গে গাজা সীমান্তে ট্যাংক সমাবেশ করেছে ইসরাইলি বাহিনী। খবর রয়টার্স’র।
এরই মধ্যে হামাসের বিরুদ্ধে গাজায় স্থল হামলা চালাতে শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।
পুতিন বলেছেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্র নিয়ে লড়াই করলে সব পক্ষের জন্য পরিণতি ভয়াবহ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেসামরিকদের হতাহত একেবারে অগ্রহণযোগ্য হবে। এখন মূল বিষয় হলো রক্তপাত বন্ধ করা।
তিনি বলেন, নজিরবিহীন নৃশংস হামলার শিকার হওয়ার পর ইসরাইলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে।
দ্রুত যুদ্ধবিরতি ও পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, গঠনমূলক মানসিকতার অংশীদারদের সঙ্গে সমন্বয়ে প্রস্তুত রয়েছে রাশিয়া।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে আলোচনা হওয়া উচিত দুই রাষ্ট্র সমাধান ঘিরে। যার মাধ্যমে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র পাবে।
রুশ প্রেসিডেন্ট আবারও চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতার ফল এই ট্র্যাজেডি।
হামাসসহ ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন বিরাজ করছে।বৃহস্পতিবার ইসরাইলের প্রতি মস্কো আহ্বান জানিয়েছে গাজায় ওষুধ ও খাদ্য সরবরাহে একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য। শুক্রবার মস্কোতে লেবাননের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.