ওমর ফারুক
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেছেন হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নেতৃত্বে সকল প্রকার অপরাধীদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।
চুরি, ডাকাতি, মাদক, দাঙ্গাবাজ সহ কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে সম্পতি চুরাই মোটর সাইকেল, কম্পিউটার, মিশুক উদ্ধারসহ চুরির সাথে জড়িত কয়েক জনকে গ্রেফাতারের পর স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ১৩৫ সিসি রেজিষ্ট্রেশন বিহীন কালো নীল রংয়ের ডিসকভার, ১টি কালো নীল রংয়ের ১২৫ সিসি টারবো রানার, ১টি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার, ১টি ১২৫ সিসির টারবো রানার, একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী ও একটি লেপটপ কম্পিউটার।
এছাড়া মোটর সাইকেল চুরির সাথে জড়িত বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামের জালাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৩৪), মিশুক চুরির সাথে জড়িত নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র মোঃ সাজু মিয়া (২৫) ও লেপটপ কম্পিউটার চুরির সাথে জড়িত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের মনোরঞ্জন দাশের পুত্র টিটু দাশ (২৯) কে গ্রেফতার করা হয়েছে।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এসআই অমিতাব প্রমুখ।
এছাড়া বানিয়াচং থানার এসআই স্বপন, এসআই অঞ্জন, সামছুল আরিফীন, এসআই হারুন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

