সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, রোববার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।
গ্রেপ্তাররা হলেন- জেলা যুবদল নেতা দিদার হোসেন ভূঁইয়া (৪০), সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।
গত শনিবার রাত ১২টার দিকে চিনিশপুরে দিদার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় তাদের কাছ থেকে ১৮টি হাত বোমা, হাত বোমার বিস্ফোরিত অংশ, ২৫টি ছোট-বড় কাঠের লাঠি, পাঁচটি ইটের টুকরো জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
সদর থানার ওসি জানান, গোপন তথ্যে দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি আবুল কাশেম জানান।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। “সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সব মামলায় জামিনে আছেন।”

