
নিউজ ডেস্ক:
বুধবার (২৫ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি মাওলানা মামুনুল হকসহ অনেক আলেম। সাজানো মামলায় তাদের এত দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে সরকার। ২০১৩ সাল থেকে হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
কর্মসূচির বিষয়ে সাজিদুর রহমান বলেন, আগামী ৩ মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে করা হবে শানে রেসালাত সম্মেলন। পর্যায়ক্রমে অন্য সব জেলাতেও অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, কারাবন্দি আলেমদের মুক্তির জন্য যেকোনো কর্মসূচি দিয়ে কারাগারের লৌহ-কপট ভেঙে তাদের বের করে আনতে হবে।
হেফাজতের আরেক যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী বলেন, নির্বাচনের আগেই মিথ্যা মামলা প্রত্যাহার করে সব আলেমদের মুক্তি দিতে হবে। যদি তা না করা হয়, জনগণ নির্বাচনে দাঁতভাঙা জবাব দেবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.