
রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি;
নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মোজাম্মেল হক খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মোজাম্মেল হক উপজেলার বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে। শুক্রবার রাতে উপজেলার বোয়ালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালী বাজারে মোজাম্মেলের সার-বীজ ও ডিজেল বিক্রির দোকান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব মোজাম্মেল হকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় দোকান থেকে উদ্ধার হওয়া ৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাকের সাথে কথা হলে তিনি জানান, 'উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেলের ঘটনা আমাদের দলের জন্য লজ্জাজনক। জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, বোয়ালী বাজারে মোজাম্মেলের জমজমাট ব্যবসা আছে, বাজারে তার যথেষ্ট সুনাম এবং টাকা পয়সাও আছে। তবুও কেন সে মাদক ব্যবসায় জড়াল বিষয়ট বুঝতে পারছিনা।'
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় রাতেই মোজাম্মেলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।
রিপন কান্তি গুণ
১১/১০/২০২৩
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.