সম্পাদক
নিউজ ডেস্ক:
রোববার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আগামীকাল সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান আ.লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকেরা আসন সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক হচ্ছিল না। অবশেষে সোমবার সেই অপেক্ষা ঘুচবে।
তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আগামীকালের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবারের বৈঠকেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে এমনটা নয়। ইতোমধ্যে শরিকেরা যেসব আসন প্রত্যাশা করছেন এবং এর মধ্যে সর্বাধিক গুরুত্ব কোন কোন আসনে—সেই সংক্রান্ত তালিকা জমা দিয়েছেন। তালিকাটি বৈঠকে জোটের সমন্বয়ক উপস্থাপন করলে শেখ হাসিনা তা বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত জানাবেন।
১৪-দলীয় জোট ২০০৮ সাল থেকে একসঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে। গত নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।

