সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলর আক্রমনে গাজায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে।হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সাহায্য পাঠানোর বৈঠক পিছিয়ে গেল।
অ্যামেরিকা এই বৈঠক পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। তাদের বক্তব্য, মিশরের সঙ্গে এবিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হওয়া উচিত।
এই নিয়ে তৃতীয় দিন পিছিয়ে গেল নিরাপত্তা পরিষদের গাজা সংক্রান্ত আলোচনা এবং ভোটাভুটি। বুধবার জাতিসংঘে অ্যামেরিকার কূটনীতিক লিন্ডা টমাস ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, আপাতত মিশরের সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। এবিষয়ে অ্যামেরিকার সঙ্গে মিশরের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদে এবিষয়ে আলোচনা এবং ভোটাভুটি হওয়া উচিত।
আপাতত ঠিক হয়েছে, বৃহস্পতিবার সকালে গাজা নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হবে। তবে শেষপর্যন্ত বৃহস্পতিবার তা হয় কি না, সেটাই দেখার।
ইসরায়েলের সেনা জানিয়েছে, গাজা শহরের নিচে বিরাট সুড়ঙ্গের খোঁজ পেয়েছে তারা। হামাসের সমস্ত নেতা ওই সুড়ঙ্গ ব্যবহার করে তাদের কম্যান্ড দিতেন বলে সেনার দাবি। ওই সুড়ঙ্গের ভিতর কন্ট্রোল রুম, বৈঠকের ঘর, থাকার জায়গা-সহ সবরকমের ব্যবস্থা আছে বলে তাদের দাবি।
বুধবার ইসরায়েলের সেনা জানিয়েছে, ওই সুড়ঙ্গে একেকটি ঘরের আয়তন ৬০ বর্গফুট। উপর থেকে নিচে নামার এলিভেটর, সিঁড়ি সব আছে। আলাদা করে প্রতিটি ঘরে জলের এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে। যথেষ্ট পরিমাণ খাবার এবং অস্ত্র জমিয়া রাখার ব্যবস্থা করা আছে সুড়ঙ্গের ভিতর। বস্তুত, সেখানে থেকে বিপুল পরিমাণ অস্ত্র মিলেছে বলেও দাবি করেছে ইসরায়েলের সেনা।
হামাসের সর্বোচ্চ কম্যান্ড ওখান থেকেই তাদের কাজ চালাতো বলে দাবি করা হয়েছে। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সেনার দাবি, গাজার একদম মাঝখানে ফিলিস্তিন স্কোয়্যারের নিচে এই সুড়ঙ্গ তৈরি। এর উপর সরকারি অফিস, স্কুল, বেসামরিক মানুষের ঘরবাড়ি আছে।হামাসের হাত থেকে ছাড়া পাওয়া এক পণবন্দি জানিয়েছেন, গাজার এই সুড়ঙ্গ অনেকটা মাকরশার জালের মতো। চোখ ধাঁধিয়ে যায়। খবর: ডিডব্লিউ

