সম্পাদক
নিউজ ডেস্ক:
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট মহাজোট করিনি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই (আ.লীগ) ভালো বলতে পারবে।
এই বক্তব্য প্রকাশের পর কিশোরগঞ্জ-৩ আসনে তার নির্বাচনী পোস্টার নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তোলপাড় চলছে।
জানা গেছে, মুজিবুল হক চুন্নু ওই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। কিন্তু তার নির্বাচনী পোস্টারে লেখা রয়েছে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’। এতেই বাধে বিপত্তি।
আসন্ন জাতীয় নির্বাচনে জাপাকে ওই আসন ছেড়ে দেওয়ায় কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তবে, ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের তিন নেতা। কিন্তু চুন্নুর পোস্টারে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তারা পোস্টার থেকে আওয়ামী লীগের নাম বাদ দেয়ার দাবি জানান।
কিশোরগঞ্জ-৩ আসনের আওয়মী লীগ নেতারা বলছেন, চুন্নু নিজেই বলেছেন ‘তারা কোনো জোট বা মহাজোটে নেই’। তাহলে এখন পোস্টারে আওয়ামী লীগে লেখা কেন?

