সম্পাদক

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৫টি দেশ থেকে ১৮০ জন ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

সেহেলী সাবরীন বলেন, ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এ ছাড়াও, বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সামনে নির্বাচন অবশ্যই এসব ইস্যু আছে। আরও অনেক ইস্যু আছে।

সেহেলী সাবরীন বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপাক্ষিক উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ রকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপাক্ষিক ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।