
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের উদ্দেশ্য ‘দুর্নীতির তদন্ত নয়’, তাকে গ্রেপ্তার করে ‘কার্যসিদ্ধি’ করা। "আমাদের দল ভাঙতে’ এই কৌশল প্রয়োগ করছে বিজেপি", এমনটাই অভিযোগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যার সম্ভাব্য গ্রেপ্তারকে ঘিরে বুধবার রাত থেকে সরগরম ছিল ভারতের রাজধানী শহর।
কথিত আবগারি দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর সমন তৃতীয়বার এড়ানোর পর তেসরা জানুয়ারী গভীর রাতে আম আদমি পার্টির (আপ) নেতাদের তরফে আশঙ্কা জানানো হয়, পরদিন সকালেই মি কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালানো হবে।
তারপর তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন তথ্য রয়েছে বলে দাবি করেন আতিশি মারলেনা এবং সৌরভ ভারদ্বাজের মতো আপ-এর নেতারা।
অন্যদিকে, বিজেপি-র তরফে এই অভিযোগ নস্যাৎ করে উল্টে মি কেজরিওয়ালকে ইডি-র মুখোমুখি হওয়ার ‘উপদেশ’ দেওয়া হয়।প্রসঙ্গত, বৃহস্পতিবার ইডি-র দপ্তরে আসার জন্য মি কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছিল। তার উত্তরে তিনি জানিয়েছিলেন, “ওই সমন বেআইনি।”
আবগারি নীতি বদলে ২০২১-২২ সালে কয়েকটি সংস্থাকে বেআইনি ভাবে বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে।
বেসরকারি মদ ব্যবসায়ী সংস্থাগুলিকে খুচরো মদ বিক্রেতাদের আওতায় নিয়ে আসা হয়। কয়েকটি কম্পানিকে লাইসেন্স ফি কমিয়ে দেওয়া-সহ বিশেষ সুযোগ পাইয়ে দিতে আবগারি নীতিতে এই রদবদল বলে অভিযোগ ওঠে। উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার আওতায় ছিল আবগারি বিভাগ। শুরু হয় প্রবল বিতর্ক।
আপ সরকারের তরফে দাবি করা হয় এই পরিবর্তনের ফলে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। বিতর্কের জেরে নয়া আবগারি নীতি বাতিল করার কথা ঘোষণা করেছিল আপ সরকার। তবে তার আগেই এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সক্সেনা। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম ছিল তৎকালীন উপমুখ্যমন্ত্রী মি সিসোদিয়া এবং সাংসদ মি সঞ্জয় সিং।
গত বছর এপ্রিল মাসে ওই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে নয় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একই সঙ্গে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত শুরু করে ইডি।
পরে আবগারি দুর্নীতির মামলায় গত বছর মি সিসোদিয়া এবং মি সিংকে গ্রেপ্তার করা হয়। ইডি-র চার্জশিটে মি কেজরিওয়ালয়ের নামও যোগ হয়। সে সময়েও গুঞ্জন ওঠে মি কেজরিয়ালকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তিনি তখন গ্রেপ্তার হননি।খবর:বিবিসি
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.