ওমর ফারুক
বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে গুড় বোঝাই একটি ট্টাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামের এক গৃহবধু।
আহত হন তার স্বামী। নিহত ওই গৃহবধু বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে চারঘাট উপজেলার ফুলতলা এলাকার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আড়ানি-পুঠিয়া সড়কে এই ঘটনা ঘটে। পরে চালক-হেলপার সটকে পড়ে।
নিহতের চাচাত ভাই আয়নাল হক বলেন, বাঘা উপজেলার খোর্দ্দবাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে, বাবার বাড়ি থেকে কোয়াটার কিলোমিটার দুরে গুড় বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৮৩)’র ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজিয়া।
নিহত গৃহবধুর স্বামী হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামানিকের অসুস্থতার খবরে নিজের ভ্যানে শ্বশুর বাড়ি বাসুদেবপুর যাচ্ছিলেন।
পথিমধ্যে গুড় বোঝাই করা ট্রাকটি সাইড কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়। এ সময় ভ্যানসহ তারা ছিটকে রাস্তায় পড়ে। তার স্ত্রী চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আড়ানি বাজারের ব্যবসায়ী শহীদুজ্জামান শাহীদ জানান,ট্রাকটি আড়ানি বাজার থেকে আখের গুড় বোঝাই করে আড়ানি- পুঠিয়া সড়ক হয়ে যাচ্ছিল। পথিমধ্যে এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে। তবে অভিযোগ না থাকলে মরদেহের ময়না তদন্ত নাও হতে পারে।

