সম্পাদক

নিউজ ডেস্ক:

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নয়, ভারতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই তারা ভারতকে খুশি করতে ব্যস্ত। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত।

রিজভী বলেন, বিএনপি ভারতের বিপক্ষে নয়। তবে দেশটির নীতি-পলিসির বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমাদের দেশকে ভারতীয় পণ্য বানিয়ে ফেলেছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এরপর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখন বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।