ওমর ফারুক
নুরুলকবির (সাতকানিয়া) চট্টগ্রাম প্রতিনিধি:
বায়তুশ শরফ দরবার শরীফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীকে তরিকতের খেলাফত ও সিহাহ সিত্তাহসহ সকল হাদিসের মুত্তাসিল সনদ প্রদান করেছেন ভারতের প্রখ্যাত ইসলামিক স্কলার আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ সালমান হোসাইনী নদভী।
সম্প্রতি চট্টগ্রামের লোহাগাড়া আখতারাবাদ বায়তুশ শরফ কমপ্লেক্সে পবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে মৌখিক ও লিখিতভাবে রাহবারে বায়তুশ শরফের হাতে হাত রেখে ক্বাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া ও অন্যান্য ত্বরিকতের খেলাফতনামা ও হাদিসের সনদ প্রদান করেন প্রখ্যাত এই ইসলামি গবেষক।
লিখিত সনদে আল্লামা সাইয়্যেদ সালমান হোসাইনী নদভী লেখেন, আমি আনন্দিত, যেহেতু আমার স্নেহধন্য, উত্তম বংশোদ্ভূত, অতীব সম্মানিত ও সত্যপন্থী শায়খ, আল্লাহ ওয়ালা, বুজর্গ আলেমে দ্বীন শায়খ আবদুল হাই নদভী, পীর সাহেব, বায়তুশ শরফ হাফিজাহুল্লাহকে হাদীস শাস্ত্রের গ্রন্থ সমূহের পাঠদানের অনুমতিসহ সনদ প্রদান করছি। যে ধারা বজায় রেখে আমি মহান শায়খবৃন্দ এবং সর্বোচ্চ পর্যায়ের মুহাদ্দেসীন থেকে সনদের মাধ্যমে অনুমতি প্রাপ্ত হয়েছি। যা আমার লিখিত ‘আল-ইকদুল লুজাইনী ফী আসানীদ সালমান আল হোসাইনী’ গ্রন্থে উল্লেখিত। সেই সাথে তাকে আমি পবিত্র তাসাউফের প্রসিদ্ধ তরীকা সমূহের খেলাফত (অনুমতি) প্রদান করছি।
তিনি আরও লেখেন, বর্ণিত হাদীস গ্রন্থ সমূহ এবং তরিকা সমূহের সনদ আমার শ্রদ্ধেয় নানা সাইয়েদ আবুল হাসান আলী আল হাসানী আন্ নদভী (রাহ.) সূত্রে এবং শায়খ নাফীস আল হোসাইনী (রাহ.) সহ শায়খগণের মাধ্যমে আমার অতি প্রিয় ও সম্মানিত ভাই আল্লাহওয়ালা, বুজর্গ আলেমে দ্বীন শায়খ আবদুল হাই নদভী, পীর সাহেব, বায়তুশ শরফ হাফিজাহুল্লাহকে প্রদান করলাম। তাঁর মাধ্যমে যেনো সমগ্র মুসলিম উম্মাহ উপকৃত হয়; মহান আল্লাহ যেনো তাকে কবুল করে সীমাহীন বরকত ও পূণ্যসমূহ দানে ধন্য করেন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফ দরবার। এই দরবারের চতুর্থ রাহবার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আল্লামা আব্দুল হাই নদভী। তিনি ১৯৭০ সালে বায়তুশ শরফের মরহুম পীর হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এর ঔরশে জন্মগ্রহন করেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে।
আল্লামা আব্দুল হাই নদভী গ্রামের মকতবে প্রাথমিক কুরআন শিক্ষা গ্রহন করেন। পরে সেনের হাট প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েন।
পরবর্তীতে কুমিরাঘোনা আখতরুল উলূম মাদ্রাসা থেকে ইবতেদায়ী সম্পন্ন করেন। এরপর ১৯৮৩ সালে লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলূম মাদ্রাসা থেকে দাখিল, ১৯৮৫ সালে চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম, ১৯৮৮ সালে একই মাদরাসা থেকে ফাযিল ও ১৯৯০ সালে থেকে কামিল সম্পন্ন করেন।
পরবর্তীতে ভারত উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) পাস করেন। পরে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হাদিস তত্ত্বের ওপর এম.ফিল করেন। তিনি থাইল্যান্ড, ভারত, সৌদি
আরব, জর্দান, ইরাক, ফিলিস্তিন, মায়ানমারসহ অনেক দেশ ভ্রমণ করেছেন।
তাঁর সম্পাদিত, রচিত, লিখিত, অনূদিত গ্রন্থসংখ্যা দুই শতাধিক। তিনি বাংলা, আরবী, উর্দূ, ফার্সী, হিন্দী ও ইংরেজী ভাষায় পারদর্শী। এছাড়া তিনি বেশ কয়েকটি ব্যাংকের শরীয়াহ বোর্ডের সদস্য।
