
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মর্যাদাবান উন্নত জাতি গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনা বাহিনীর মাটিরাঙ্গা জোন কমাণ্ডার লে: কর্নেল মোহাম্মদ কামরুল হাসান পি এস সি।মঙ্গলবার সকাল দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসা' র কম্পিউটার ল্যাব এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো: আশিকুর রহমান প্রতিষ্ঠিত জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসার কম্পিউটার ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক : কর্নেক মোহাম্মদ কামরুল হাসান পি এস সি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: এরশাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।
প্রধান অতিথি লে: কর্নেল মোহাম্মদ কামরুল হাসান পি এস সি তাঁর বক্তব্যে বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষা এগিয়ে যাচ্ছে। এক সময় মাদ্রাসা শিক্ষা বিজ্ঞান শেখার ক্ষেত্রে পিছিয়ে ছিল। এখন অপরাপর শিক্ষার মতো মাদ্রাসায়ও সমানতালে বিজ্ঞান, কমার্স ও আর্টস পড়ানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, ছোট বেলায় আমিও মাদ্রাসায় পড়েছিলাম। ডাক্তার হওয়ার ভীষণ ইচ্ছে ছিল আমার। আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে বিজ্ঞান বিভাগ না থাকায় আমি এক পর্যায়ে সেই মাদ্রাসা ছাড়তে বাধ্য হয়েছি। জীবনের পরিক্রমায় আমি এখন সেনাবাহিনীর অফিসার।
তিনি অতিথি আরও বলেন, সময় বদলেছে। আমাদেরকেও বদলাতে হবে। আমাদের ছেলে-মেয়েরা যদি কুরআন হাদীসের পাশাপাশি বিজ্ঞান বুঝতে পারে, ব্যবসা-বাণিজ্য বুঝে, তাহলে আমাদের জন্য কুরআন হাদীসভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তির মাদ্রাসা শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা।
একটি ছেলে যদি মা-বাবার জানাজা পড়াতে পারে আবার অনলাইনে ভালো একটি প্রজেক্ট উপস্থাপন করতে পারে অথবা ব্যবসায়ীক প্রজেক্টের সুন্দর ড্রাফট করতে পারে তাহলে আমাদের জন্য এটাই হবে সেরা শিক্ষাব্যবস্থা।
এমন একটি শিক্ষা পদ্ধতির মডেল আমাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর ডক্টর মো: আশিকুর রহমান। আমি তাঁর এই প্রচেষ্টার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মাটিরাঙ্গা জোন তাঁর এ প্রচেষ্টায় সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন প্রধান অতিথি লে: কর্ণেল মোহাম্মদ কামরুল হাসান পি এস সি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডক্টর মো: আশিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আমি মাটিরাঙ্গার সন্তান, আমি এখানেই বড় হয়েছি। মাটিরাঙ্গার ধুলাবালিতেই আমি বেড়ে উঠেছি।
সুদূর যুক্তরাষ্ট্রে থাকলেও কোনভাবেই নিজের শেকড় ভুলতে পারিনা। তাই আমি মা-বাবার নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মাদ্রাসাটি আমি প্রতিষ্ঠা করলেও এখানে আমার পরিবারের কেউ পড়াশোনা করেনা, ভবিষ্যতেও করার সম্ভাবনা নেই।
একদিন আমি থাকবোনা। এলাকার জনসাধারণের কথা ভেবেই আমি প্রতিষ্ঠানটি করেছি। ভবিষ্যতে এটিকে বিজ্ঞানভিত্তিক উচ্চতর মাদ্রাসা ও ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার ইচ্ছে আছে আমার। তাই এলাকাবাসীকে অত্র প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আবেদন জানাই আমি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, মাটিরাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের মাদ্রাসা সংখ্যা এক্কেবারেই কম। প্রয়োজনের তুলনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসা নেই বললেই চলে। তাই সাধারণ জনগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যোৎসাহী ও প্রশাসনের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান বলেন, মাটিরাঙ্গা উপজেলায় অসংখ্য প্রাথমিক স্তরের মাদ্রাসা আছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোন মাদ্রাসা নেই।
যার ফলে মাদ্রাসা থেকে প্রাথমিক স্তর শেষ করে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে অভিভাবকরা। তাই সংশ্লিষ্ট সকলকে হতাশায় নিপতিত হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান খোকন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইমাম উদ্দিন ও সামশুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা অলি উল্লাহ মেম্বার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা মুফতি এম আবদুল্লাহ আল মামুন। মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন।
অনুষ্ঠানে কুরআন হিফয সমাপ্তকারি ছাত্র হাফেজ মোহাম্মদ শাহরিয়ারকে ক্রেস্ট ও বিশেষ পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি লে: কর্ণেল মোহাম্মদ কামরুল হাসান পি এস সি ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে দশটি কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষদিকে প্রধান অতিথি লে: কর্ণেল মোহাম্মদ কামরুল হাসান পি এস সি মাদ্রাসার কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন।
ছয়টি কম্পিউটার দিয়ে ল্যাবটির শুভযাত্রা হলো বলে জানান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। ল্যাবটিতে শীঘ্রই বিশটি কম্পিউটার যুক্ত হবে বলেও জানান তিনি। দুই হাজার পঁচিশ সালের মধ্যে অত্র মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখা চালু হবে বলেও জানান মাওলানা আল মামুন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.