ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা,সাবেক জাতীয় সংসদ সদস্য,জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক। শ্রমিকদের ঘামে-শ্রমেই এদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।

অথচ শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত ও অধিকারহারা। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সরব আছি, সরব থাকব, ইনশাআল্লাহ।

শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আলহাজ্ব শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে কার্য-নির্বাহী পরিষদের সাথে চট্টগ্রাম মহানগরীর নব-নির্বাচিত প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রমিক নেতা নজির হোসেন ও আবু তালেব চৌধুরী,সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভুঁইয়া, ইঞ্জি: শিহাব উল্লাহ, এম আসাদ, মুহাম্মদ নুরুন্নবী, স.ম.শামীম, মাওলানা জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জি:সাইফুল ইসলাম ও হামিদুল ইসলাম প্রমূখ

সভায় প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানুষের নাগরিক অধিকার ভূলুণ্ঠিত। সৎ, সচেতন ও দেশপ্রেমিক মানুষেরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে কাজ করছে।

বাংলাদেশকে একটি নাগরিকবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের এই প্রচেষ্টাগুলোকে সমন্বয় করতে হবে। আর এই সমন্বয় প্রচেষ্টার অন্যতম কুশীলব হতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, গরীব-অসহায় শ্রমিকজনতার জন্য আমাদের কাজ করে যেতে হবে। শ্রমিকদের সুখে-দুঃখে অংশীদার হতে হবে।

শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ে সচেতন করে তুলতে হবে। তবেই শ্রমিকদের অংশগ্রহণে একটি সুন্দর সমাজ বিনির্মাণের কাজ এগিয়ে যাবে।