
আন্তর্জাতিক ডেস্ক:
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেছেন, জনগণ পক্ষে রায় দেওয়ার পরও তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
"আমাদেরকে এই ব্যবস্থার ভুক্তভোগী বানানো হয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে", বলেন মি. খান। সোমবার পাকিস্তানের স্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ব্যারিস্টার গহর খান।
পাকিস্তানের এবারের নির্বাচনে কোনো দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। জোটগতভাবে সরকার গঠনের চেষ্টা করছেন পাকিস্তান মুসলিম লিগের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
তবে নির্বাচনে মি. শরীফকে কারচুপি করে জেতানো হয়েছে বলে অভিযোগ করে আসছে পিটিআই।
দলটির সমর্থক ইয়াসমিন রশিদ, যিনি লাহোরে মি. শরীফের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য এরইমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছেন।
এদিকে, পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই মি. শরীফ তার দলকে যেভাবে বিজয়ী ঘোষণা করেছেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেনব্যারিস্টার গহর খান। "তিনি যখন বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন, তখন তার দলের ৫০টিও আসন ছিল না", বলেন মি. খান।
তিনি প্রশ্ন তোলেন, "তাহলে তারা কেন এমন একটি ঘোষণা দিয়ে বসলো? কারা তাদের সাহস যোগাচ্ছে? কারা তাদেরকে এই পথ দেখাচ্ছে?
পাকিস্তান মুসলিম লিগের (পিএমএলএন) নেতা নওয়াজ শরীফের প্রতি সেদেশের সেনাবাহিনীর সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে মি. শরীফের দল ৭৫টি আসন পেয়েছেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন, তার সমর্থকরা ৯৩টি আসনে জয়লাভ করেছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণে সরকার গঠন করতে পারছেন না তারা।
এ অবস্থায় বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে সমঝোতা করে জোট সরকার গঠন করার পরিকল্পনা করছেন মি. শরীফ।খবর: বিবিসি
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.