সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ন্যাটোর মূল বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ট্রাম্প। ইউরোপের দেশগুলি চিন্তিত। তবে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, ”ন্যাটো কখনই এমন কোনো সামরিক জোট নয়, যা মার্কিন প্রেসিডেন্টের রসিকতার উপর নির্ভর করে।” এটাই ছিল ট্রাম্পের বক্তব্যের উপর বরেলের প্রতিক্রিয়া।
গত শনিবার ট্রাম্প সাউথ ক্যারোলিনায় প্রচারসভায় বলেছেন, ”ন্যাটোর শরিক দেশগুলি যদি তারা তাদের ভাগের অর্থ না দেয়, তাহলে তিনি যা খুশি করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন।” ট্রাম্পের এই মন্তব্যে ইউরোপের দেশগুলির মধ্যে আতঙ্কের স্রোত বয়ে গেছে। কারণ, ট্রাম্পের আগামী নির্বাচনে জেতার একটা সম্ভবনা আছে।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গ বিবৃতি দিয়ে বলেছেন, ”ন্যাটোর শরিকদের নিয়ে ট্রাম্প যা বলেছেন, তার প্রভাব অ্যামেরিকা ও ন্যাটোর শরিক দেশের উপর সমানভাবে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সেনার ঝুঁকি বেড়ে যাবে।”
প্রেসিডেন্ট থাকাকালীন ন্যাটো থেকে সরে আসার হুমকি অনেকবার দিয়েছেন ট্রাম্প। তিনি একাধিকবার বলেছেন, অ্যামেরিকা যে তাদের সুরক্ষা দিচ্ছে, তার জন্য ইউরোপকে অর্থ দিতে হবে। এর ফলে ন্যাটোর চুক্তির বহুআলোচিত পাঁচ নম্বর অনুচ্ছেদ পালন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেখানে বলা হয়েছে, ন্যাটোর কোনো একটি দেশ যদি আক্রান্ত হয়, তাহলে ইউরোপ ও অ্যামেরিকা সেই আক্রমণকে নিজেদের উপর আক্রমণ হিসাবে দেখবে এবং তা প্রতিহত করবে।

