
রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর আদালতে ইমো হ্যাকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজু আহমেদ (২৭)। তিনি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার আজিজুর রহমান সেন্টুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।
পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাজু নারী সেজে একটি ইমো অ্যাকাউন্ট খুলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের এক নারী ও তার প্রবাসী বোনজামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন।
এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন।
আইনজীবী ইসমত আরা আরও জানান, আদালত একটি ধারায় আসামি রাজুকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে।
জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্য আরেক ধারায় তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ অনাদায়েও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজা একটির পর অন্যটি শুরু হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.