
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের মোংলায় গরু চুরি করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি রবিবার (১০ মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এই ঘটনা ঘটে। এই নিয়ে থানায় গরু চুরির মামলা হয়েছে।
মামলায় চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার জানান, সুন্দরবনের পাশে বসবাস করা তার আয়ের উৎস বলতে একটি মাত্রই গাভি।
সেটিকে রবিবার সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিন্তু দুপুরে গিয়ে গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তার গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল বেপারীর ছেলে সাজ্জাক বেপারী চুরি করে বনের ভেতরে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করেছেন।
হরিণের মাংস বলে বিক্রি করলেও পরে জানাজানি হলে গা ঢাকা দেয় ওই তিন জন। পরে সোমবার (১১ মার্চ) সকাল থেকে তারা আবার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন গরুর মালিক নজরুল জমাদ্দার।
তিনি আরও জানান, এ ঘটনা প্রথমে ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেনকে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তার পরামর্শেই রবিবার রাতে মুকুল শেখ, বাবুল শেখ ও সাজ্জাক বেপারীকে আসামি করে থানায় অভিযোগ দেন।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় চুরির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.