ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি পাহাড়ি জনপদ ‘বোবারথল’।
১০টি পাহাড়ি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত দুর্গম বোবারথল জনপদের বাসিন্দাদের মনে যুগ যুগ ধরে শান্তির কোন সুবাতাস নেই।
নেই আধুনিক জীবনযাত্রার লেশমাত্র। বর্তমান আধুনিক জীবন ব্যবস্থা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে পাহাড়ি এ জনপদের বাসিন্দারা।
বড়লেখা পৌরশহর থেকে পূর্বদিকে প্রায় ২০ কিলোমিটার দুর্গম পাহাড়ীরাস্তা ধরে এগোলেই বাংলাদেশ সীমান্তের শেষরেখা।
সীমান্তঘেঁসা উঁচুপাহাড় বেষ্টিত এই নিভৃত জনপদের নাম বোবারতল। মাধবকুন্ড জলপ্রপাত থেকে উত্তরদিকে প্রসারিত-পাথারিয়া পর্বতশ্রেণীর বিপরীতে এর অবস্থান।
যেকারণে এটি উপজেলার মূল জনপদ থেকে অনেকটাই বিচ্ছিন্ন।
এখানকার মানুষের জীবনজীবিকা ফল-ফসলের চাষ এবং পাহাড়ী-আহরণের উপর নির্ভরশীল। উর্বর এখানকার পাহাড়ি মাটি।আম,জাম,কাঠাল,পেয়ারা,কমলা,লেবু, বাতাবি-লেবু,কামরাঙ্গা,জলপাই ইত্যাদি বাহারি ফল, শাক-সবজি, রবিশস্য আর বুনোফুলের সমারোহে এ যেনো এক সত্যিকার ভূ-স্বর্গ।
অনাড়ম্বর পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বুবারতল হতে পারে একটি আদর্শ পর্যটনস্পট। এখানকার সবুজ নিসর্গ,পাহাড়ের ভাঁজে গড়েওঠা পল্লী এবং সর্বোপরি মানুষের অকৃত্রিম অতিথেয়তা ভ্রমণপিপাসু প্রাণের খোরাক যোগাবেই।

