ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন ও ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি, মালিকানাধীন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মিঠামইন উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি ও বিএনসিসির সদস্যগণের সমাবেশ ও অভিবাদন গ্রহণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, সদর ইউপি চেয়ারম্যান এডঃ শরীফ কামাল, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, বাবু সমীর কুমার বৈষ্ণব প্রমুখ। বক্তারা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতি চারণ করে আলোচনা করেন। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনার সভার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জাকরণ করা হয়।

