
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রাম সাতকানিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও গলা টিপে হত্যা মামলায় স্বামী মো. পারভেজকে (২৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকার সোলাইমানের পুত্র পারভেজকে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়। জানা যায়, ২০১৮ সালে ভিকটিম রোকেয়া বেগমের সঙ্গে মো. পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার পারভেজকে তিন লাখ টাকা দিয়েছিল। এর পরও যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি স্ত্রী তাঁর পরিবারকে জানালে তার ভাই মহিউদ্দীন এক লাখ টাকা পারভেজকে দেন। এতেও খুশি ছিলেন না পারভেজ, আরও দুই লাখ টাকার জন্য রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি।
২০১৮ সালের ২০ এপ্রিল তিনি রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তাঁর পরিবার পারভেজের বাড়িতে গেলে তারা খাটের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেন। ২১ এপ্রিল এওচিয়ার চুড়ামনি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, সাত সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও গলা টিপে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. পারভেজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পরোয়ানা মূলে পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.