সম্পাদক
নিউজ ডেস্ক:
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে।
রিজভী বলেন, নাটোরের এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনী শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তার উপর গুলি চালিয়েছে। তিনি সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। এ কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার উপর ক্ষুব্ধ। কিন্তু হত্যা করে, নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে। বিএনপি নেতাদের রক্তাক্ত করতে আওয়ামী লীগ জনপথের পর জনপথে শিমুলদের মতো এমপি বানিয়েছে। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সন্ত্রাসী বাহিনীরা দেশে নৈরাজ্য ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। তবে সন্ত্রাস নির্ভর সরকারের পরিণতি ভালো হবে না।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

