সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপ যুদ্ধ-পূর্ব অবস্থায় রয়েছে মন্তব্য করে পোলিশ প্রধানমন্ত্রীর বলেন, ‘‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়৷’’ শুক্রবার ইউরোপীয় মিডিয়া গ্রুপ লেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টু্স্ক ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর পর ইউরোপের পরিস্থিত নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন৷ তিনি বলেন, ‘‘যেকোনো কিছুই ঘটতে পারে৷ রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে তখন ইউরোপ যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে৷’’

পোলিশ এই রাজনীতিবিদ আরো বলেন, ‘‘ইউরোপে সংঘাতের একটি সত্যিকারের হুমকি রয়েছে৷ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশ প্রথমবারের মতো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে৷’’   

‘‘যুদ্ধ অতীতের কোনো বিষয় নয়৷ এটি এখন বাস্তব এবং এটি দুই বছর আগে শুরু হয়েছে৷ এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেকোনো কিছুই ঘটতে পারে৷ ১৯৪৫ সালের পর থেকে আমরা এ ধরনের পরিস্থিত দেখিনি৷’’  

তিনি বলেন, ‘‘আমি জানি যে এটি খুব ভয়ানক শোনাচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে ৷ কিন্তু আমাদের এই বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হবে যে একটি নতুন যুগ শুরু হয়েছে- যুদ্ধ পূর্ববর্তী যুগ৷ আমি বাড়িয়ে বলছি না, প্রতিদিন বিষয়টি পরিষ্কার হচ্ছে৷’’    

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক এই প্রেসিডেন্ট এমন সময়ে তার আশঙ্কার কথা জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর সময় অতিবাহিত হলো৷ রাশিয়া হামলা শুরুর পর ইউরোপর অনেক দেশই নিজদের অস্ত্র উৎপাদন বাড়াতে শুরু করেছে৷