
নিউজ ডেস্ক:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলিস্তি রহমান।
আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এমপি আনোয়ারুল আজিমকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল। যেহেতু হত্যাকাণ্ড ভারতে হয়েছে, বিচার কি এখানে হবে নাকি ভারতে হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: আইনগত দিক বিবেচনা করে বিচার এখানেই হবে। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।
এটি হত্যা মামলা হবে কখন, জানতে চাইলে তিনি বলেন- হত্যার রহস্য যখন উন্মোচন হবে তখনই এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে এটি অপহরণ মামলাই আছে।
আসামিপক্ষের কোনও আইনজীবী আদালতে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামী পক্ষে কোনও আইনজীবী আদালতে ছিল না। আদালতে শুধু শিলাস্তি রহমান বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমি তো কিছু জানি না। বাকি ২ আসামি কোনও কথা বলেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল বলেন: সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ের একটি খুনের উদ্দেশ্য নিয়ে অপহরণ মামলা দায়ের করা ছিল। অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে আদালতে তোলা হয়। আসামিরা হচ্ছেন— শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান। প্রত্যেক আসামির জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।
আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.