সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক:

গভীর রাতে পিয়ংইয়ং বিমানবন্দরে নামে ভ্লাদিমির পুতিনের বিমান। সে সময় বিমানবন্দরে ছিলেন কিম জং উন। বিমানবন্দর থেকে বেরিয়ে রাশিয়ার উপহার দেওয়া একটি লিমুজিনে করে শহরের দিকে রওনা হন দুই রাষ্ট্রপ্রধান। অত রাতে বিমানবন্দরে আসার জন্য় কিমকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্য়ম জানিয়েছে, প্রাথমিক সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধান যথেষ্ট আবেগঘন ছিলেন। বিমানবন্দরে নামার পর কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টকে অভ্য়র্থনা জানান। এরপর দুজনে একসঙ্গে লিমুজিনে উঠে পড়েন। বিরাট পুলিশ বাহিনী তাদের এসকর্ট করে সিটি সেন্টারের দিকে নিয়ে যায়। বুধবার তাদের মধ্য়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। উত্তর কোরিয়ার প্রশাসন জানিয়েছে, তাদের বিশ্বাস এই আলোচনার ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।

২৪ বছর পর উত্তর কোরিয়ায় সফর করলেন ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া জানিয়েছে, বিশ্বের রাজনীতিতে যেভাবে মেরুকরণ হচ্ছে, তাতে পুতিনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত, মস্কো ছাড়ার আগে পুতিনও একটি ডিক্রি জারি করে এসেছেন। তাতে বলা হয়েছে, পিয়ংইয়ং-য়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি করাই তার প্রথম এবং প্রধান লক্ষ্য়। উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।উপগ্রহের ছবি থেকে মনে করা হচ্ছে, পুটিনের সফর উপলক্ষে প্য়ারেডের আয়োজন করা হয়েছে। এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এদিন বৈঠক হওয়ার কথা। খবর: ডিডব্লিউ