সম্পাদক

নিউজ ডেস্ক:

রোববার (২৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন বিএনপি স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের ৭৫ বছরের দীপ্ত পথচলায় দেশ আরও এগিয়ে যেতো। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং সব সেক্টর কমান্ডাররা ও জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারি ছিলেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, ধান ও শাক-সবজি উৎপাদনে তৃতীয় স্থানসহ ১৪টি কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম।

ড. হাছান আক্ষেপ করে বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও আওয়ামী লীগকে এখনও দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করতে হয়। বিএনপি যদি এ সব অপশক্তির তোষণ না করতো, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেতো।’

এ সময় সাংবাদিকরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে এনবিআর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।