সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেনে ক্ষমতার হস্তান্তর ঘটে গেল বেশ দ্রুততার সঙ্গে। শুক্রবার রাজা চার্লস্ এর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক। কিছুক্ষণের মধ্যেই রাজার সাথে দেখা করেন কিয়ের স্টারমার। তাকে সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয়।
বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ডাউনিং স্ট্রিটে এসেছেন লেবার এমপি অ্যাঞ্জেলা রেনার। মিজ রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন র্যাচেল রিভস্। অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে সে ব্যাপারে অবগত আছেন জানিয়ে র্যাচেল বলেন, খুব বেশি অর্থ রেখে যাচ্ছে না পূর্বসূরীরা।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য রাখেন কিয়ের স্টারমার। তিনি বলেন, “আমাদের কাজ জরুরি এবং আজ থেকেই শুরু হচ্ছে।”
বক্তৃতার পর সস্ত্রীক ১০ নম্বর বাড়িটিতে প্রবেশ করেন তিনি। তারও বেশ কিছু সময় আগে সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রেয়াজ অনুযায়ী উপস্থিত গণমাধ্যমকে ব্রিফ করেন। আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ফলাফল বিপর্যয়ের দায় নিজের কাঁধে তুলে নেন মি. সুনাক। বলেন, “দেশবাসীর কাছে সবার প্রথমে যে কথাটা বলতে চাই তা হলো, আমি দুঃখিত।” “আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কিন্তু, আপনাদের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রায়ের মাধ্যমে আপনারা জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে সরকারের পরিবর্তন দরকার,” যোগ করেন মি. সুনাক।
ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০ টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ টি আসনে বিজয়ী হতে হয়। প্রাপ্ত ফলাফল থেকে জানা যাচ্ছে, লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। আর কনজারভেটিভ পার্টির ঘরে গেছে ১২১ টি আসন।
২০১৯ সালের তালিকা থেকে টোরিরা ২৫০ টি আসন খুইয়েছে এবার। আর লেবাররা গত নির্বাচনের তুলনায় ২১১ টি আসন বেশি পেয়ে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে।এছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির নয়টি আর রিফর্ম ইউকে চারটি আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে।

