সম্পাদক

নিউজ ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী তাহমিদ ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও শহীদ আমজাদ হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন তিনি।

শনিবার (১৮ আগস্ট) বেলা ১২ টার দিকে তার নিজ সংসদীয় আসন নরসিংদীর পলাশে শহীদ আমজাদ হোসেনের গ্রাম গজারিয়া ইউনিয়নের রামপুর যান ড. আব্দুল মঈন খান। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে শহীদ আমজাদ হোসেন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি ও পলাশ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলার জেলখানার মোড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত হন সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া।

এবং ১৯ জুলাই শুক্রবার নরসিংদীর ইটাখোলা মোড়ে পুলিশের গুলিতে প্রাণ হারান পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের রিকশা চালক আরমান ও মনোয়ারা দম্পতির সন্তান শহীদ আসাদ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র আমজাদ হোসেন।