সম্পাদক
নিউজ ডেস্ক:
আজ বুধবার রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানায় আতিকুল ইসলামের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুলকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে তৎকালীন মেয়র আনিসুল হক জয় লাভ করেন। কিন্তু তার মৃত্যুতে মেয়রের আসনটি শূন্য হওয়ার পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পুনরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে আওয়ামী লীগের সমর্থনে আতিকুল ইসলাম জয়লাভ করেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত হন।
সরকার বদলের প্রেক্ষাপটে গত ১৯ অগাস্ট ২০২৪ সালে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
আতিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম ১৯৮৫ সালে ইসলাম গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে পোশাকখাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি গ্রুপটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

